জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
রাজশাহীতে মুখ ঢেকে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে তারা এ মিছিল করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে মুখে মাস্ক, টুপি ও মাফলার জড়িয়ে একদল তরুণ জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তাদের হাতে একটি ব্যানার ছিল। ব্যানারে শেখ হাসিনা এবং প্রেসিডিয়াম মেম্বার খায়রুজ্জামান লিটনের ছবি ছিল। শেখ হাসিনার ফেরার ব্যাপারে বিভিন্ন স্লোগানও দেন তারা। পরে দিগ্বিদিক পালিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ নেতাকর্মী খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিহা অর্নার গ্রুপের সমর্থক বলে সূত্র জানিয়েছে। সেখানে মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইমন, ছাত্রলীগ কর্মী রাকাইদ রুকু ও এস এম মাহি ছিল বলে সূত্রটি আরও জানিয়েছে।
এ বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঢাকা মেইলকে বলেন, ঘটনাটি শুনেছি। আমরা কাজ শুরু করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সোচ্চার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন ঢাকা মেইলকে বলেন, আমরা রাজপথে আছি। ছাত্রলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে ছাত্রদলই যথেষ্ট। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই- রাজশাহী মহানগর ছাত্রদল সজাগ আছে। রাজশাহীতে কোনো রকম বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আজকে যে সন্ত্রাসী সংগঠন মিছিল করেছে রামেক হাসপাতালের সামনে থেকে, তাদের উদ্দেশ্যে বলি পারলে দিনের আলোতে এসো দেখা যাবে কতক্ষণ মিছিল করতে পারো।
প্রতিনিধি/টিবি