জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নেত্রকোনা পৌরশহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।
ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌরশহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক পদে রয়েছেন। ফাহিম রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে সংসদ সদস্য পদে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।
বাসায় আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপি নেতা ফাহিম রহমান খান পাঠান। এ বিষয়ে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। ফাহিম রহমান খান পাঠান মোবাইলফোনে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররাই ঘটিয়েছে। রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি