বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় সংগঠকের বাসায় আগুন

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় সংগঠকের বাসায় আগুন
ঘরের ভেতর আগুনে জিনিসপত্র পুড়ে যাওয়ার দৃশ্য

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

রাজনৈতিক বিরোধের জেরে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে এ কাজ করেছে বলে দাবি করেন প্রীতম সোহাগ।

প্রীতম সোহাগ বলেন, রোববার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল, পাপোস পুড়ে যায়। এছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটার ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে পাশের বাড়ির লোকজন আমাকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানান।

তিনি আরও বলেন, গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি গ্যাস ম্যাচ পাওয়া গেছে। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদির দোকান রয়েছে। তিনি দেখেছেন, আমার বাড়ি থেকে রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন বের হতে। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।

প্রীতম সোহাগ বলেন, ধারণা করছি, আমার রাজনৈতিক প্রতিপক্ষ এই অগ্নি সন্ত্রাস করেছে। যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে উঠছেন না। তবে এসবই আমি ভীত নই। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আমি ১১ নম্বর কেন্দ্রীয় সমন্বয়ের ছিলাম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের নেতৃত্ব দিয়েছি। সুতরাং এভাবে আমি ভীত নই। তবে যারা এই হীন কাজ করেছেন, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিষয়টি আমি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

আগুনে পুড়ে যাওয়া অংশের ভিডিও করে প্রীতম সোহাগ ফেসবুকে তার আইডিতে আজ সকাল ৭টার দিকে পোস্ট করেন। এতে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির গেটে আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর