Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গ্রেফতার ৬, গুলিবিদ্ধ ১

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় রাতভর অভিযানে অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া নয়টায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ডেভিড পালাতে গেলে পুলিশ গুলি করলে তা তার পায়ে বিদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেফতার করেছে বলে জানান হাসিনুজ্জামান।

তিনি বলেন, ‘পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ হত্যা ছাড়াও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

প্রতিনিধি/এসআই