সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন (৩২)। মারা গেলেন দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কনস্টেবল আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে কনস্টেবল আনোয়ার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হাশেমবাগ এলাকায় যান। সেখানে পৌঁছামাত্র দুর্বৃত্তদের একটি দল তাদের লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়।
হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কনস্টেবল আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার কোনোমতে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ‘সাদা পোশাকে তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ধারাল অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে।’
তিনি আরও জানান, ‘হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করেছে। এই নৃশংস হামলায় কোনো চিহ্নিত মাদক কারবারি চক্র জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
এএইচ




