Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তহুরা বেগম সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন- নিহতের দুই ছেলে হানিফ মহলদার (৪৬) ও আব্দুর রহমান (৩০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত বাকের মহলদারের ছেলে আসান মহলদার (৬০), মহির উদ্দিন মহলদার (৫২) ও ছহির উদ্দিন মহলদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত রমজান মহলদারের পরিবারের বিরোধ চলছিল। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে আসান মহলদার, মহির উদ্দিন মহলদার, ছহির উদ্দিন মহলদার, শরিফুল মহলদার (২৫), জাহিদ মহলদার (২৭), রকিবুল মহলদার (২৫) ও শাহিন মহলদার (২৯) সংঘবদ্ধ হয়ে তহুরা বেগম ও তার দুই ছেলের ওপর হামলা চালায়। সংঘর্ষে তহুরা বেগম ও তার দুই ছেলে হানিফ ও আব্দুর রহমান গুরুতর আহত হন। 

পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহুরা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত হানিফ ও আব্দুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​খবর পেয়ে মুজিবনগর থানার ওসি সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।