জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। হিমেল বাতাস ও বাড়তি আর্দ্রতার কারণে সকালবেলায় অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উজ্জ্বল রোদে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শীতের প্রকোপ বাড়লেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা এবং নদীঘাটে শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। ভ্যানচালক, দিনমজুর ও রিকশাচালকেরা জানান, সকালে ঠান্ডা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় কাজ করতে কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা।
অন্যদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের ঝুঁকিও বাড়ছে। স্থানীয় স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, এ সময়ে সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় সতর্ক থাকা প্রয়োজন।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যাতেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকালে সূর্য উঠলেও হিমেল বাতাসের কারণে অনেকেই আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন। তবে দিনের বেলায় রোদের তাপ কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে এ উপজেলায় দেশের অন্যান্য এলাকার তুলনায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
প্রতিনিধি/টিবি