জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ সেবা চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন নয়ন খান (২৫) নামের এক যুবক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে অনশন শুরু করেন তিনি। তার এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আরও কয়েকজন যুবক অংশ নেন।
নয়ন খানের বাড়ি ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকায়। তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালের সামনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।
তার দাবি, উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালে দ্রুত আইসিইউ ও সিসিইউ সেবা চালুসহ বেশ কিছু বিষয়ে উন্নত হওয়া জরুরি। তাই দীর্ঘদিন ধরে প্ল্যাকার্ড হাতে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি করেছেন।
নয়নের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া অন্যরা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন তিনি। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচাতে পারেননি বলে তাঁর ধারণা। সেই অভিজ্ঞতা থেকেই হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে আন্দোলনে নামেন তিনি।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন। একই দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে বাধ্য হয়ে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নয়নের চার দফা দাবির মধ্যে রয়েছে- হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট দূর করে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, নার্সসংকট নিরসন এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবার ব্যবস্থা করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান বলেন, ‘আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হয়। ডেঙ্গু, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আইসিইউ চালুর জন্য দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় সহায়ক জনবল দরকার। কিন্তু বর্তমানে ভোলা সদর হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই। এ কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেবাটি চালু করা যাচ্ছে না।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে হাসপাতালের জন্য ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। তবে চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে দীর্ঘদিনেও ছয় শয্যার আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এএম