ভোলার তজুমদ্দিনে ফ্যামিলি কার্ড ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক বৃদ্ধার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি তোলার কথা বলে কৌশলে কানের দুল খুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৫ নম্বর শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিবপুর এলাকার মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম জয়নব বিবি (৬০)। তিনি ওই বাড়ির মৃত ছালেম মিজির স্ত্রী।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে দুজন জয়নব বিবির বাড়িতে আসে। এ সময় তারা বৃদ্ধাকে সরকারি বিভিন্ন সহায়তা ও নতুন ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেয়। কার্ডের জন্য ছবি তুলতে হবে জানিয়ে নানান কথায় তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। একপর্যায়ে কৌশলে তার কানের স্বর্ণের দুল খুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পরে বিষয়টি বুঝতে পেরে জয়নব বিবি ও তার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেন। আশপাশের এলাকায় তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে এলাকাবাসী।
এছাড়াও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং খোয়া যাওয়া স্বর্ণের দুল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এলএ




