Dhaka Mail Logo

সারাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে কঠিন চীবর দানোৎসব উদযাপন

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠান। এতে অংশ নেন বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং বিভিন্ন বয়সী পুণ্যার্থী।

সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পরে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন পুণ্যার্থীরা। এর আগে পূণ্যার্থীরা চীবর, অর্থ ও বিভিন্ন ফলমুল নিয়ে বিহারে জড়ো হন। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ধর্মদেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী সাচিং প্রু জেরি, বোমাং সার্কেল রাজা উচপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমংসহ হাজারো পূণ্যার্থী এই কঠিন চীবর দানে যোগ দেন।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা দেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধগুরু অধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথেরো ও রাজগুরু বিহারের অধ্যক্ষ ভদন্ত কেতু মহাথেরো।

IMG-20261124-WA0024

বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কঠিন চীবর দান অত্যন্ত পুণ্যময় একটি ধর্মীয় আয়োজন। আষাঢ়ী পূর্ণিমার পর আশ্বিনী পূর্ণিমা (প্রবারণা পূর্ণিমা) থেকে শুরু করে কার্তিক পূর্ণিমা পর্যন্ত নির্দিষ্ট সময়ের এক মাসব্যাপী এই চীবর দান করা হয়। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি, সংযম, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা লাভ করেন। ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

মাসব্যাপী কঠিন চীবর দানকে ঘিরে গতকাল রাজগুরু বৌদ্ধ বিহারে শুরু হয় তুলা থেকে সুতা ও সুতা থেকে টাটকা চীবর বুননের আনুষ্ঠানিকতা। সারারাত তাতের মাধ্যমে বুনন শেষে সকালে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দ্যেশে উৎসর্গ করা হয়। বুধবার সকাল ৮টার থেকে শুরু হবে পিন্ডদান। আর এতে পিন্ড চরণে শতাধিক বৌদ্ধ ভিক্ষু, উপাসিকারা অংশ নিবেন।

প্রতিনিধি/টিবি