শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসবে মুখর রাঙামাটির রাজবন বিহার

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসবে মুখর রাঙামাটির রাজবন বিহার

হাজার-হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৫০তম ও সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসব। এ কঠিন চীবর দানোৎসবটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রাঙামাটির রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে বুননের চীবর ভিক্ষু সংঘের নিকট দান করা হয়েছে। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নিকট চীবর দান করেছেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। 

এ ধর্মীয় উৎসবে যোগ দিতে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড,  মায়ানমার থেকে আগত বৌদ্ধ ভিক্ষু ও ভারতের মহারাষ্ট্র থেকে বৌদ্ধ পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বৌদ্ধ পূণ্যার্থীদের ধর্মদেশনা দেন- রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। 

000

সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্য অর্থ দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানীয় কার্যসম্পাদন করা হয়।

রাঙামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রাতব্যাপী কঠিন চীবর বুনন করে শুক্রবার ভিক্ষু সংঘকে সেই চীবর দান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে চাকমা রাজ পরিবারের সদস্য ও কুমার সুমিত রায়ের সহধর্মিণী জয়তী রায় চরকার সুতা কেটে বেইন র উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটির রাজবন বিহারে শুরু হয় দুই দিনব্যাপী ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান বুদ্ধের সময়ে বুদ্ধের প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে কোমর তাঁতের মাধ্যমে চীবর বুনন করে তৈরি  চীবরটি বুদ্ধকে দান করেন। সেই রীতি অনুসরণ করে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ পুণ্যার্থীরা এই কঠিন চীবর দানোৎসব পালন করে আসছে। চীবর বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর