Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ২ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ফেনী শহরের বড়বাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে দুই দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি দোকান থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে ফাতেমা পেপার হাউজ থেকে ৪০ কেজি এবং বড়বাজারের নামবিহীন একটি দোকান থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ফাতেমা পেপার হাউজকে ২ হাজার টাকা এবং অপর দোকানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদসহ কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বলেন, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি