Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ দগ্ধ ৩

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাতে টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন— ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) ও তার শিশু সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে ওই বাড়িতে একটি কক্ষে আগুন দেখে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েন। এসময় তিনজন ঘর থেকে বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি