নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ দুইজনের মধ্যে পাশা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছিল।
একই ঘটনায় দগ্ধ রঞ্জিত (৪৫) নামের অপর এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালীও পুড়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ রঞ্জিতকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এমএমআর/এএইচ




