জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
নাটোরে টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধানসহ রসুন, ভুট্টা ও পেঁয়াজের আবাদ ক্ষতির মুখে পড়েছে। কৃষকেরা কিছু আমন ধান ঘরে তুলতে পারলেও অর্ধেকের বেশি পাকা ধান এখনো জমিতে পড়ে রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত দুই দিনের বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো জমিতে ঝোড়ো বাতাসে ধান হেলে পড়েছে। অন্যদিকে রসুন, পেঁয়াজ, ভুট্টা, সরিষাসহ শীতকালীন ফসলের জমিতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাকা ধান ও অন্যান্য ফসলের এমন ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন বিলাঞ্চলের কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ মাঠে ধান কেটে রাখা হয়েছে। টানা বৃষ্টির পানিতে জমিতেই তলিয়ে গেছে কৃষকের কাটা ধান। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে রয়েছে। গুরুদাসপুরের বিভিন্ন জমিতে রসুন, পেঁয়াজ, ভুট্টাসহ শীতকালীন সবজির ক্ষেতে জলাবদ্ধতা দেখা গেছে। শুকাশ, ডাহিয়া, ইটালি, বিলশা ও পিপলা এলাকার জমিতে পানিতে ধান ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
চলনবিলের কৃষক মো. আব্দুল হক বলেন, “জমিতে ধান পেকে গিয়েছিল। শ্রমিক নিয়ে ধান কাটা শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ক্ষেতের ধান পানিতে তলিয়ে গেছে। ১০ বিঘা জমির মধ্যে চার বিঘার ধান ঘরে তুলতে পেরেছি। বাকি ছয় বিঘার ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি। এতে প্রচুর টাকা লোকসান হবে।

ডাহিয়া ইউনিয়নের আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, “ধান পেকে গেছে, কিন্তু এই দুর্যোগের কারণে ধান কাটা শুরু করতে পারছি না। অনেক কৃষকের ধান জমির পানিতে শুয়ে পড়েছে। দু-এক দিনের মধ্যে এসব ধান কাটতে না পারলে জমিতেই পচে যাবে।”
কৃষক আইয়ুব আলী বলেন, “আমার চার বিঘা জমিতে ধান রয়েছে। এক সপ্তাহ পর থেকেই ধান কাটা শুরু করার কথা ছিল। কিন্তু দুই দিনের বৃষ্টিতে জমির সব ধান নুয়ে পড়েছে। এই কাঁচা ধান কাটাও যাবে না। জমিতেই নষ্ট হবে সব ধান।”
আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. হাবিবুর ইসলাম খান জানান, নাটোরে আমন ধান কাটা শুরু হয়েছে। তবে আবহাওয়ার কারণে দুই দিনের বৃষ্টিতে কিছু এলাকায় জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজেছে। আর বৃষ্টি না হলে তেমন কোনো ক্ষতি হবে না। জমির পানি নিষ্কাশনে কৃষি বিভাগের দল কাজ করছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে থাকা ধানের শিষ থেকে ট্যাঁক বের হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস