শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বৈরী আবহাওয়ায় আমন ও রোপা আলু নিয়ে শঙ্কায় জয়পুরহাটের কৃষক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

বৈরী আবহাওয়ায় আমন ও রোপা আলু নিয়ে শঙ্কায় জয়পুরহাটের কৃষক
বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে ধান। ছবি: ঢাকা মেইল

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দুশ্চিন্তায় পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা। মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা রোপা আলু নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে বৃষ্টির পরিমাণ বাড়লে জমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

জেলার বিভিন্ন এলাকায় এখন আমন ধান কাটার প্রস্তুতি চলছে। কোথাও কোথাও ধান পাকতে শুরু করেছে। অন্যদিকে আগাম আলু চাষের জন্য জমি প্রস্তুত করে রোপণ করছেন কৃষকেরা। এমন সময়ে বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির আশঙ্কা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

কৃষকদের আশঙ্কা, টানা বৃষ্টি হলে পাকা আমন ধান জমিতে পড়ে গিয়ে নষ্ট হতে পারে। পাশাপাশি আলুর জমিতে পানি জমে গেলে বীজ পচে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এবং বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বাড়তে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কাও করছেন অনেকে।

কৃষক তরিকুল ইসলাম বলেন, এবছর তিনি এক বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করেছেন। ধানও পাকা দেখা দিয়েছে। এখন ধান কেটে নতুন করে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছি। তবে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে ঘুর্ণঝড়ের প্রভাবে থেমে বৃষ্টি হলেও আজ শনিবার সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। যার কারণে আমরা ফসলহানির শঙ্কায় আছি।

02

কৃষক সুজাউল ইসলাম বলেন, গত দু'দিন আগেই জমিতে নতুন করে আলুর বীজ রোপন করেছি। এরপর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে শঙ্কায় আছি। যদি ভারি বৃষ্টিতে আলুর বীজতলা ডুবে যায় এবং বৃষ্টির পানি বাড়তে থাকে তাহলে বৃষ্টির পানিতে আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা থাকে। এমনিতেই পরপর গত দুই বছর আলু চাষ করে লোকসানে আছি।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আমন ও আলু— দুটিই এ অঞ্চলের অন্যতম প্রধান ফসল। আবহাওয়া অনুকূলে না থাকলে এবার কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার পাশাপাশি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। তবে বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্বের ওপরই অনেকটা নির্ভর করছে মাঠের ফসলের ভবিষ্যৎ। সব মিলিয়ে প্রকৃতির বিরূপ আচরণে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জয়পুরহাটের কৃষকেরা।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবছর জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। এছাড়া পাঁচটি উপজেলায় আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে। 

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচটি উপজেলায় আজকে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় প্রায় ২০ শতাংশ আমন ধান কাটামাড়াই করেছে কৃষকেরা। এছাড়াও কোথাও আগাম জাতের আলুর বীজ রোপনে ব্যস্ত কৃষকেরা। আমরা আশা করছি, আগামী ২/৩ দিন বৃষ্টি না হলে আলুর কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমরা কৃষি বিভাগ সব সময় কৃষকদের পরামর্শ প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতা করছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর