জেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে তিনি অসুস্থ বোধ করলে পুলিশ লাইনে অবস্থান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
প্রতিনিধি/টিবি