২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
একসময় অভাব-অনটনের সংসারে দু-বেলা খাবার জোটানোই ছিল কঠিন। অর্থের অভাবে থেমে যায় পড়াশোনা, বিয়ের পরও কাটেনি দারিদ্র্যের কষ্ট। তবুও দারিদ্র্যের কাছে হার মানেননি মমতাজ আক্তার। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও পরিবারের সহযোগিতায় বদলে দিয়েছেন নিজের ভাগ্য।
সংগ্রাম থেকে সাফল্যের এই গল্প গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মমতাজ আক্তারের। এখন তার বাড়িতেই গড়ে উঠেছে গরু-ছাগলের খামার, হাঁস-মুরগি পালন, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন এবং নার্সারি। এসব উদ্যোগ থেকে বছরে তার আয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন অন্যদেরও।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে এসএসসি পাস করেন মমতাজ। ইচ্ছা ছিল উচ্চমাধ্যমিকে পড়াশোনা চালিয়ে যাওয়ার। কিন্তু বাবার অভাবের সংসারে সেই স্বপ্ন পূরণ হয়নি। একপর্যায়ে একই উপজেলার দুর্গাপুর গ্রামের বেলাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। ভেবেছিলেন, নতুন সংসারে হয়তো বদলাবে জীবনের পরিস্থিতি। কিন্তু স্বামীর সংসারেও পিছু ছাড়েনি অভাব। স্বামী নিয়মিত কাজকর্ম না করায় অনেকটা খেয়ে না খেয়েই দিন কাটাতে হয়েছে তাকে। তবে দারিদ্র্যের কাছে হার মানতে রাজি ছিলেন না মমতাজ।

স্থানীয়রা বলছেন, সংসারের অভাব দূর করতে প্রথমে বাড়িতে হাঁস-মুরগি পালন শুরু করেন। ডিম ও মুরগি বিক্রির সামান্য আয় দিয়েই শুরু হয় তার স্বাবলম্বী হওয়ার পথচলা। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পশুপালনবিষয়ক প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে সেখান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কিনে শুরু করেন গরু পালন। ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। গরুর পাশাপাশি ছাগল পালন এবং প্রতিবেশীদের ছাগল বর্গা বা লালন-পালনের দায়িত্ব নিয়ে আয় বাড়াতে থাকেন তিনি।
এরপর খামারের সঙ্গে যুক্ত করেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। বর্তমানে উৎপাদন করছেন ট্রাইকো কম্পোস্টও। বাড়ির পাশেই গড়ে তুলেছেন নার্সারি। সেখানে বিভিন্ন মৌসুমি ফলসহ নানা প্রজাতির গাছের চারা উৎপাদন ও বিক্রি করছেন।
বর্তমানে মমতাজের খামারে রয়েছে ছোট-বড় ১৫টি গরু, প্রায় ২০টি ছাগল, হাঁস ও মুরগি। এ ছাড়া প্রতিবেশীদের প্রায় ৪০টি ছাগল লালন-পালনের দায়িত্ব নিয়েছেন তিনি। বছরে প্রায় পাঁচ টন ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের সক্ষমতা রয়েছে তার। সবমিলিয়ে খামার ও সংশ্লিষ্ট উদ্যোগ থেকে বছরে আয় করছেন প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। তার খামারে কাজের সুযোগ হয়েছে পাঁচ থেকে ১০ জন শ্রমিকের।
উদ্যোক্তা মমতাজ আক্তার বলেন, বাবার সংসারে অভাবের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব-অনটনে অনেক কষ্ট করেছি। দারিদ্র্য কী, তা আমি হাড়ে হাড়ে বুঝেছি। তাই নিজের পরিবারকে কীভাবে সচ্ছল করা যায়, সেই চেষ্টা করেছি। প্রথমে হাঁস-মুরগি পালন শুরু করি। পরে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০ হাজার টাকা ঋণ দিয়ে একটি গরু কিনি। সেখান থেকেই ধীরে ধীরে খামার বড় করেছি।
তিনি আরও বলেন, এখন খামারের আয় থেকেই সন্তানের পড়াশোনা, সংসারের খরচসহ পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে। আমার স্বপ্ন আরও বড় পরিসরে আধুনিক একটি খামার গড়ে তোলা।

স্থানীয় নার্গিস বেগম জানান, মমতাজের এই সাফল্য দেখে এলাকার অন্য নারীরাও গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আগ্রহী হয়ে উঠছেন। কেউ কেউ ছোট পরিসরে খামারও গড়ে তুলেছেন। ফলে তার উদ্যোগ শুধু নিজের পরিবারেই নয়, আশপাশের নারীদের মধ্যেও আত্মনির্ভরতার অনুপ্রেরণা জোগাচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, মমতাজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম তাকে স্বাবলম্বী করে তুলেছে। তার এ সাফল্য অন্যদের জন্য অনুকরণীয়। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার এই সাফল্য গোবিন্দগঞ্জের অন্য নারীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
প্রতিনিধি/এসআই