সুমন চন্দ্র
২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
ধান ও লিচুর জন্য পরিচিত দিনাজপুরে এবার নতুন সম্ভাবনা তৈরি করেছে কমলা চাষ। জেলার মাটিতে বাণিজ্যিকভাবে ফলছে চায়না ও দার্জিলিং জাতের কমলা। বিরল উপজেলার এক কৃষি উদ্যোক্তার এক একরের বাগানে থোকায় থোকায় ঝুলছে কমলা। বছরে প্রায় ২০০ মণ কমলা উৎপাদিত হচ্ছে। এসব কমলা বিক্রি করে বছরে প্রায় ৮ লাখ টাকা আয় করছেন তিনি। প্রচলিত ফসলের বাইরে তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় তৈরি করেছে নতুন আগ্রহ।
দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের রামপুর মোল্লাপাড়ায় গড়ে উঠেছে ব্যতিক্রমী এই কমলার বাগান। বাগানটির মালিক শাকিল হোসেন সাদাত। পাঁচ বছর আগে মাত্র ৫০ হাজার টাকা ব্যয়ে যশোর থেকে কমলার চারা সংগ্রহ করে বাগান তৈরির উদ্যোগ নেন তিনি। এক বন্ধুর মাধ্যমে কমলা চাষে আগ্রহী হয়ে ওঠেন সাদাত। এরপর শুরু করেন বাগান তৈরির কাজ। বাগান তৈরির এক বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে।

চাকরির পেছনে না ছুটে কৃষিকেই জীবিকার অবলম্বন হিসেবে বেছে নেন তরুণ উদ্যোক্তা সাদাত। পৈতৃক সূত্রে পাওয়া প্রায় এক একর জমিতে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ শুরু করেন তিনি। তার সেই বাগানে এখন রয়েছে প্রায় ২০০টি কমলাগাছ। চলতি মৌসুমে বাগান থেকে প্রায় ২০০ মণ কমলা উৎপাদনের আশা করছেন তিনি। বর্তমানে প্রতি কেজি কমলা ১৫০ টাকা দরে বিক্রি করছেন।

সাদাতের বাগানে শুধু কমলা নয়, একই জমিতে আড়াআড়ি পদ্ধতিতে লটকন চাষের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে একই জমি থেকে একাধিক ধরনের ফল উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। বাগানের পরিচর্যা ও অন্যান্য কাজে নিয়মিত পাঁচজন শ্রমিক কাজ করেন।
কমলার বাগান দেখতে আসা মিতা আক্তার বলেন, “দিনাজপুরের বিরল উপজেলার মাটিতে এত সুন্দর কমলার বাগান হবে, তা আগে ভাবিনি। গাছভর্তি কমলা দেখে সত্যিই ভালো লাগছে। আমাদের এলাকায় ধান ও লিচুর পাশাপাশি কমলা চাষেরও যে সম্ভাবনা রয়েছে, এই বাগান তার প্রমাণ।”

রুমানা পারভীন বলেন, “এত দিন জানতাম কমলা শুধু পাহাড়ি এলাকায় ভালো হয়। কিন্তু দিনাজপুরে এমন ফলন দেখে নতুন করে আশাবাদী হচ্ছি।”
স্থানীয় কৃষক আসিছ রহমান বলেন, “বাগানটি ঘুরে দেখলাম। গাছের বৃদ্ধি ও ফলন বেশ ভালো। কীভাবে পরিচর্যা করতে হয়, তা জানার চেষ্টা করছি। ভবিষ্যতে আমিও এ ধরনের বাগান করার পরিকল্পনা করছি।”
তরুণ উদ্যোক্তা শাকিল হোসেন সাদাত বলেন, “আমার এক বন্ধুর মাধ্যমে কমলা চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে নিজেই বাগান করার সিদ্ধান্ত নিই। যশোর থেকে চারা সংগ্রহ করে পাঁচ বছর আগে বাগানটি গড়ে তুলি। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন ভালো ফলন পাচ্ছি।”

তিনি বলেন, “এক একর জমিতে প্রায় ২০০টি কমলাগাছ রয়েছে। বাগানে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ করছি। বছরে প্রায় ২০০ মণ কমলা উৎপাদিত হয়। ফলন ভালো হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কমলা বিক্রি করতে পারছি।”
সাদাত আরও বলেন, “বাগান থেকে বছরে প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রি হয়। সার, পরিচর্যা ও শ্রমিকের মজুরিসহ বছরে খরচ হয় প্রায় ১ লাখ টাকা। আমার বাগানের সাফল্য দেখে এলাকার অন্যরাও কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং বাগান গড়ে তুলছেন। এ কাজে কৃষি অফিস থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, “এটি একটি ড্রিপ সেচ পদ্ধতির প্রদর্শনী প্লট। এখানে চায়না কমলা, দার্জিলিং কমলা ও লটকন—তিন ধরনের ফলের চাষ করা হচ্ছে। তরুণ উদ্যোক্তা শাকিল হোসেন সাদাত একই জমিতে পরিকল্পিতভাবে স্তরে স্তরে তিন ধরনের ফলের আবাদ করেছেন। তার এই উদ্যোগ বেশ সম্ভাবনাময়। এরই মধ্যে তিনি বাগান থেকে ভালো লাভ পাচ্ছেন। তার সফলতা দেখে এলাকার বেকার যুবকেরাও কৃষিতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
প্রতিনিধি/এসএস