শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ধান-লিচুর জেলায় নতুন সম্ভাবনা: আনারকলি ফলিয়ে চমক দেখালেন তরুণ রিপন

সুমন চন্দ্র, দিনাজপুর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

ধান-লিচুর জেলায় নতুন সম্ভাবনা: আনারকলি ফলিয়ে চমক দেখালেন তরুণ রিপন
তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন ও তার আনারকলি বাগান। ছবি: ঢাকা মেইল

ধান-লিচুর জেলা দিনাজপুরে এবার নতুন ফলের সম্ভাবনা দেখাচ্ছেন তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন। জেলার ফুলবাড়ীতে মাত্র দুটি আনারকলির চারা রোপণ করে সাত মাসের ব্যবধানে প্রায় এক হাজার ফল পেয়েছেন তিনি। চার শতাংশ জমির মাচাজুড়ে ফলের ভারে নুয়ে পড়েছে গাছ। ব্যতিক্রমী এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও নতুন উদ্যোক্তারা।

রিপনের বাড়ি ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়া গ্রামে। পেশায় ফ্রিল্যান্সার হলেও কৃষির প্রতি রয়েছে তার আগ্রহ।

কয়েক বছর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম আনারকলি ফলের স্বাদ নেন রিপন। এরপর নিজ এলাকায় ফলটি চাষের পরিকল্পনা করেন। গত বছরের ডিসেম্বরে ৯০০ টাকা দিয়ে দুটি চারা কিনে নিজের জমিতে রোপণ করেন। পরিচর্যার কৌশল শিখেছেন ইউটিউব দেখে। মাত্র সাত মাসেই গাছ দুটিতে প্রচুর ফল আসে। এ পর্যন্ত প্রায় এক হাজার ফল সংগ্রহ করেছেন।

বিরামপুর থেকে আনারকলি বাগান দেখতে আসা রাকিব বলেন, ফেসবুকে আনারকলি ফলের ছবি দেখে আগ্রহ তৈরি হয়। তাই আজ সরাসরি দেখতে এসেছি। ফল ও গাছ দেখে খুব ভালো লেগেছে। আমিও নিজের বাড়িতে এ ফলের চারা লাগানোর পরিকল্পনা করছি।

তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন বলেন, কক্সবাজারে ফলটি খাওয়ার পর আমার চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই গত বছর দুটি গাছ রোপণ করি। গাছ দুটিতে ভালো ফলন পাওয়ায় আমি আরও উৎসাহিত হয়েছি। বর্তমানে পাইকাররা প্রতিটি ফল ৫০ টাকা দরে কিনতে আগ্রহ দেখাচ্ছেন। আগামীতে এক একর জমিতে বাণিজ্যিকভাবে ফলটির চাষ করার পরিকল্পনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, রিপন নিজ উদ্যোগে দুটি আনারকলির চারা রোপণ করে সফল হয়েছেন। কৃষি বিভাগ তার বাগান পর্যবেক্ষণ করছে। এ ফলের চাষ সম্প্রসারণে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর