জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে গৌরনদীতে আওয়ামী লীগের সাবেক এক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ এবং সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়া সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল নগরীর বটতলা এলাকায় নানকের বাসভবনে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল বিক্ষুব্ধ ব্যক্তি বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে নিচতলার গার্ডরুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য কেএম আহসান ইমাম খায়রুল খান অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বিএনপির একদল লোক সশস্ত্র অবস্থায় কসবা গ্রামে তার ও তার ভাই উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমরাত খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়িতে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে তার বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো ঘরটি পুড়ে যায়।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা অভিযোগ করেন, বুধবার দিবাগত রাতে বিএনপির একদল নেতাকর্মী তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। তৃতীয় কোনো পক্ষ কিংবা নিজেরাই ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নান্নু মৃধাকে (৩৮) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের অভিযোগে তার ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নান্নু মৃধা সুন্দরদী নবীনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার ছেলে। স্বজনেরা জানান, আহত অবস্থায় তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান। তার দাবি, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।
আবিদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় এবং বরিশাল-খুলনা মহাসড়কের একটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়। প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালাতে এবং শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তবে মুখোশ পরা থাকায় তাদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে মহাসড়কে অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো খবর ছিল না। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতে গড়িয়ারপাড় এলাকায় অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেলেও কর্মসূচি দীর্ঘস্থায়ী হয়নি।
এ ছাড়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তামূলক তৎপরতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় তাদের দফায় দফায় মহড়া দিতে দেখা যায়।
প্রতিনিধি/এসএস