জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মাত্র ২০টি শয্যার বিপরীতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন রোগী। ফলে ওয়ার্ডটিতে শয্যাসংকট চরমে পৌঁছেছে। জায়গার অভাবে অনেক রোগীকে ওয়ার্ডের বাইরে, মেঝে ও বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে।
ডায়রিয়া ওয়ার্ডে দুই কনসালট্যান্টসহ শিশুরোগ ও মেডিসিন বিভাগের মোট চারজন চিকিৎসক দিনে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে রাতে চিকিৎসকদের রাউন্ডে আসার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে নার্সদের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় বেশ কিছু ওষুধের সরবরাহ নেই। এর মধ্যে রয়েছে Inj. Ceftriaxone, Meropenem, Omeprazole, Cotson, Dexa ও Zinc Syrup। তবে কলেরা স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। এ ছাড়া AZ, Cipro, Metro, P/C, Syp. Napa ও ORS কিছু পরিমাণে রয়েছে। অন্যদিকে Micropore, Vasofix Cannula ও Saline Set-এর কোনো সরবরাহ নেই। এসব গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হওয়ায় নিম্ন আয়ের রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত নতুন করে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন। এদিন ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। এর আগে গত রোববার ৪৩ জন, সোমবার ৪২ জন, মঙ্গলবার ৪০ জন এবং বুধবার রাত ১টা পর্যন্ত ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতিদিনই ৪০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ভর্তি রোগীদের মধ্যে প্রাপ্তবয়স্ক মাত্র ১৫ জন। বাকি অধিকাংশই শিশু, যারা ডায়রিয়া ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত। হাসপাতালের পক্ষ থেকে মাত্র ২০ জন রোগীর খাবারের ব্যবস্থা থাকলেও অধিকাংশ রোগীকে খাবারের জন্য অন্যের সহযোগিতার অপেক্ষায় থাকতে হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স হাবিবা সুলতানা ও কামরুল ইসলাম এবং দায়িত্বে থাকা দুই নার্সিং শিক্ষার্থী। তাদের দাবি, রাতে অন্তত চারজন সিনিয়র স্টাফ নার্স ও চার থেকে ছয়জন নার্সিং শিক্ষার্থী দায়িত্বে থাকলে রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হতো।
শীতের আগমুহূর্তে ডায়রিয়া রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। সামনে রোগীর চাপ আরও বাড়বে বলেও জানিয়েছেন তারা।
ডায়রিয়া ওয়ার্ডের নার্সিং ইনচার্জ জুলেখা আক্তার জানান, ওয়ার্ডের ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা প্রায় ছয় গুণ বেশি। এরপরও তারা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন। পর্যাপ্ত ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের কিছু ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। সরকারি সরবরাহে যেসব ওষুধ রয়েছে, সেগুলো রোগীদের দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেশি। চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন শামীম বলেন, “ওষুধের সরবরাহ যা আছে, তা রোগীদের দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কিছু ওষুধের ঘাটতি রয়েছে, যেগুলো রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। শীতের আগমুহূর্তে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। তবে ২৫০ শয্যার হাসপাতালে ৭০০ থেকে ৮০০ রোগী ভর্তি রয়েছেন। এত রোগীর জন্য ওষুধের পর্যাপ্ত সরবরাহ নেই। টানাপড়েনের মধ্য দিয়েই কার্যক্রম চলছে।”
প্রতিনিধি/এসএস