Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে অস্ত্রসহ আ.লীগ কর্মীকে আটক করে পুলিশে দিলো জনতা

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ এএম

নোয়াখালী সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়নের গনি মার্কেট থেকে অস্ত্রসহ মো. রাজু (৩০) নামের এক আওয়ামী লীগের কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজারে গনি মার্কেট থেকে একটি দেশীয় শটগানসহ তাকে আটক করে স্থানীয়রা।

আটক মো. রাজু (৩০) নোয়ান্নই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মমিন উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামগঞ্জ বাজারের গনি মার্কেটের সামনে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। এ সময় তার কোমর থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় এবং অস্ত্রসহ থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আটক ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার মোবাইলে আওয়ামী লীগের একাধিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয়রা আমাদের খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে আটক করে। এ বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসা শেষে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/টিবি