Dhaka Mail Logo

সারাদেশ

উত্তরবঙ্গের চিকিৎসাসেবায় রামেক হাসপাতালের বড় সাফল্য

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগ বড় সাফল্য দেখিয়েছে। প্রথম বারের মত হার্ট অ্যাটাকের পরে কার্ডিয়োজেনিক শকে থাকা মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়ে এক ঐতিহাসিক ও জীবন রক্ষাকারী চিকিৎসা সম্পন্ন করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৬০/৪০ রক্তচাপ এবং চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এক মুমূর্ষু হৃদরোগীর সফল ‘প্রাইমারি পিসিআই’ (Primary PCI) সম্পন্ন করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে।

রোগীর নাম মো. কাজল (৫৫)। ঝুঁকি: ধূমপান, উচ্চ রক্তচাপ। তার বাসা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। উপসর্গ: হাসপাতালে আসার মাত্র ১ ঘণ্টা পূর্বে হঠাৎ তীব্র বুকের ব্যথা শুরু হয়েছিল।

রোগীর হাসপাতালে ভর্তির অবস্থা:

রোগী যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছান, তখন তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় অর্থাৎ কার্ডিয়োজেনিক শক (Cardiogenic Shock)-এ আক্রান্ত ছিলেন। তার রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গিয়ে মাত্র ৬০/৪০ মিমি Hg এ নেমে আসে। ইসিজি পরীক্ষা করে দেখা যায়, তার হৃৎপিণ্ডে অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন (Acute Inferior Myocardial Infarction) বা তীব্র হার্ট অ্যাটাক হয়েছে। রোগী সেই মুহূর্তে মৃত্যুর অত্যন্ত সন্নিকটে ছিলেন।

চিকিৎসা ও সফল ইন্টারভেনশন:

রোগীর এ চরম সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা (ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল, ডা. রাশেদ ও তাদের টিম) কালক্ষেপণ না করে দ্রুত তাকে সরাসরি ক্যাথল্যাবে (Cathlab) নেওয়ার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত নেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেখানে তার প্রাইমারি পিসিআই (জরুরি এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন) সম্পন্ন করা হয়।

রোগীর বর্তমান অবস্থা:

দক্ষ ও অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাইমারি পিসিআই সম্পূর্ণ সফল হয়। রোগী বর্তমানে সম্পূর্ণ শঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে বর্তমানে ১২৫/৮০ মিমি Hg এ উন্নীত হয়েছে এবং তিনি সম্পূর্ণ ব্যথামুক্ত আছেন।

 

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম জানান, রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এ যুগান্তকারী সাফল্য উত্তরবঙ্গের চিকিৎসাসেবায় এক নতুন মাইলফলক স্থাপন করল। আগামীতেও উন্নত সেবা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি