Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক ঘটনায় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সিয়াম নামের এক হেলপার দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

1000036553

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে আসে। তারা সেখানে পার্কিং করে রাখা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদে সরিয়ে নেন। ফলে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

জানা গেছে, অগ্নিসংযোগের শিকার ‘লিসা’ পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

‎অন্যদিকে, গভীর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি এলাকায় এক স্বেচ্ছা সেবকদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানসহ পাশে থাকা চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বলে দাবী স্থানীয় বিএনপির।

প্রতিনিধি/টিবি