রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাভারেও বাসে আগুন, দুই দিনে ৩ অগ্নিকাণ্ড

সাভার (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

সাভারেও বাসে আগুন, দুই দিনে ৩ অগ্নিকাণ্ড

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (৮ নভেম্বর) ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড ও ধামরাইয়ের শরীফবাগ এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সাভার ও ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

অন্যদিকে ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। 

bus

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি পার্কিং করে রাখা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

এদিকে ধামরাইয়ে গত তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

সর্বশেষ রোববার ভোরে শরীফবাগে ডি-লিংক পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এর পাশাপাশি সাভারেও একই রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। 

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে ধামরাইয়ে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগের ঘটনার পর বাসমালিকদের যানবাহন নিরাপদ স্থানে রাখা এবং পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, এসব ঘটনা রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুত প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর