জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জে এদিন দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এমপি জিলানীর বাড়িতে আগুন দেওয়া ছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ধ্যা ৭টার দিকে থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা।
এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।
এএম