Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

গোপালগঞ্জে আবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগীরা তাণ্ডব চালিয়েছে। টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠনটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। এ সময় থানার ভেতরে ভাঙচুরের পাশাপাশি পুলিশের কয়েকটি গাড়ি ও থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও সংগঠনগুলোর নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

ব্যাপক নাশকতা চালান নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
ব্যাপক নাশকতা চালান নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

এরপর লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা, একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা থানা থেকে কিছুটা দূরে সরে গিয়ে অবস্থান নেন। পুলিশের কয়েকটি গাড়ি ও থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৯ নভেম্বর দেশে 'সর্বাত্মক লকডাউন' কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেটার প্রস্তুতির অংশ হিসেবে গত রোববার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে। সেখানে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

জেবি