গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। জেলার ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে এসপি মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজ। আর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জের বিদায়ী এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম ছিল। কারও কারও মাথায় হেলমেটও দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মিছিলকারীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। এ ছাড়া সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। শহরের কয়েকটি সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি)ও ভাঙচুর করা হয়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এর আগের দিন শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ঘিরে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানপাটেও ভাঙচুর চালানো হয়। পাটগাতী বাসস্ট্যান্ডে রাতের আরেকটি মিছিলের সময় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভের সময় উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
এ ছাড়া ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন জেলা প্রশাসকের বাসভবন, জেলা কারাগার, ইউএনওর গাড়ি, পুলিশের গাড়ি ও এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। সংঘর্ষে চারজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে সে সময় প্রতিবেদন প্রকাশিত হয়।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
এআর




