জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
ময়মনসিংহের ভালুকায় আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী জাহিদুলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জাহিদুলের বসতঘর থেকে আখিঁ আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আঁখি আক্তার উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি একই ইউনিয়নের বহুলী আকন্দবাড়ি এলাকার আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী।
ভালুকা মডেল থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে এক বছর আগে একই ইউনিয়নের বহুলি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদের বিয়ে হয়।
আরও জানা যায়, আঁখি উপজেলার ভরাডোবা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আজ মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে কল করে আঁখির মৃত্যু সংবাদ তার বাবার বাড়িতে জানানো হয়। পরে খবর দেওয়া হলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে আনে।
এদিকে, আখি আক্তারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
ভালুকা মডেল থানার এসআই মুহাম্মদ ওয়াছিম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা তিনি।
প্রতিনিধি/এসআই