জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
রান্নায় ঝাল-মসলার স্বাদ বাড়াতে গোলমরিচের ব্যবহার বহুল পরিচিত। অথচ প্রতিদিনের খাবারের এই পরিচিত মসলাটিই দেশের কৃষিতে এখনো অনেকটা আমদানি নির্ভর। সেই নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারে।
জেলার বিভিন্ন চা-বাগানে ছায়াদানকারী গাছ বেয়ে বেড়ে উঠছে গোলমরিচের লতা। কয়েকটি বাগানে শতাধিক হেক্টর জমিতে হচ্ছে এ মসলার চাষ। পরীক্ষামূলক আবাদে সাফল্য পাওয়ায় এবার বাণিজ্যিক উৎপাদনের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা।

জেলার রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা-বাগানে স্বল্প পরিসরে গোলমরিচের চাষ হচ্ছে। এর মধ্যে রাজনগর ও শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে এ ফসলের আবাদ তুলনামূলক বেশি। চা-বাগানে ছায়া দেওয়ার জন্য লাগানো গাছকে অবলম্বন করেই বেড়ে উঠছে লতানো গোলমরিচের গাছ। এসব গাছে ফলও আসছে নিয়মিত।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন উপজেলার চা-বাগানে শতাধিক হেক্টর জমিতে গোলমরিচের চাষ হচ্ছে। পাশাপাশি গ্রাম ও পাহাড়ি এলাকার বিভিন্ন বাড়িতে প্রায় পাঁচ হেক্টর জমিতে এ মসলার আবাদ করা হচ্ছে।
উদ্ভিদ বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গোলমরিচ পিপারাসি পরিবারের উদ্ভিদ। দেখতে অনেকটা পানগাছের মতো এ লতানো উদ্ভিদে চারা রোপণের তিন থেকে চার বছরের মধ্যে ফল আসে। একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় দুই দশক পর্যন্ত ভালো ফলন দিতে পারে।

গোলমরিচ গাছে লম্বা গুচ্ছে ছোট হলুদ ফুল ফোটে। পরে সেগুলো ফলে পরিণত হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে ফল লাল রং ধারণ করলে তা সংগ্রহ করা হয়। দেশে চাষ করা প্রতিটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে চার থেকে পাঁচ কেজি কাঁচা গোলমরিচ পাওয়া যায়। ফল সংগ্রহের পর গুচ্ছ থেকে আলাদা করে ফুটন্ত পানিতে সেদ্ধ করতে হয়। এরপর প্রায় এক সপ্তাহ রোদে শুকিয়ে বাজারজাত ও খাবারের উপযোগী করা হয়। এ প্রক্রিয়ায় চার থেকে পাঁচ কেজি কাঁচা গোলমরিচ থেকে গড়ে দুই কেজি শুকনো গোলমরিচ পাওয়া যায়।
রাজনগর চা-বাগান এবং শ্রীমঙ্গলের বর্মাছড়া ও হরিণছড়া চা-বাগানসহ বেশ কয়েকটি বাগানে ছায়াদানকারী গাছকে অবলম্বন করে গোলমরিচের চাষ হচ্ছে। চা-বাগানের গাছগুলোকে প্রাকৃতিক অবলম্বন হিসেবে ব্যবহার করায় আলাদা করে মাচা বা খুঁটি তৈরির প্রয়োজন হচ্ছে না। ফলে বাগানের বিদ্যমান পরিবেশ কাজে লাগিয়েই এ মসলার উৎপাদন সম্ভব হচ্ছে।

রাজনগর চা-বাগান সূত্র জানায়, প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে বাগানের বাংলো এলাকায় গোলমরিচের চাষ হচ্ছে। বর্তমানে সেখান থেকে প্রতিবছর প্রায় দেড় মণ বা ৬০ কেজি গোলমরিচ সংগ্রহ করা হয়। পরে তা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। শুরুতে পরীক্ষামূলকভাবে অল্প পরিসরে চাষ শুরু হলেও সময়ের সঙ্গে এর পরিধি বেড়েছে। আগামীতে বাণিজ্যিক ভিত্তিতে গোলমরিচ চাষের পরিকল্পনা করছে বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন জানান, জেলার মাটি ও আবহাওয়া মসলা জাতীয় ফসল চাষের জন্য উপযোগী। রাজনগর, শ্রীমঙ্গলসহ বিভিন্ন উপজেলার চা-বাগান এবং পাহাড়ি এলাকার বাড়িঘরে স্বল্প পরিসরে গোলমরিচ চাষ হচ্ছে। চা-বাগানগুলোতে প্রায় শতাধিক হেক্টর জমিতে এ ফসলের আবাদ হচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে গোলমরিচের চাহিদার প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে গোলমরিচ চাষ করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যান্য জেলার চাহিদারও একটি অংশ মেটানো সম্ভব হবে। এতে আমদানি নির্ভরতা অনেকটা কমবে।
প্রতিনিধি/টিবি