Dhaka Mail Logo

সারাদেশ

কুড়িগ্রামে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া এলাকার মো. মুকুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫), একই এলাকার হবিবর রহমানের দুই ছেলে ফরিদুল ইসলাম (৩৮) ও ফরহাদ হোসেন (২৭) এবং বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রিয়াজুল ইসলাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মো. রিয়াজুল ইসলামের বাড়ির ভিতরে বিশেষভাবে সংরক্ষিত ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি মো. এনামুল হক প্রধান জানান, মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/টিবি