দিনাজপুরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।
গ্রেফতার ব্যক্তি মো. সোহরাব হোসেন। তিনি দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়াইগ্রাম এলাকার মোকসেদ আলীর ছেলে। তিনি শ্যামলী পরিবহনের কোচ চালক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর শহরের উত্তর গোশাইপুর এলাকায় জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোহরাব হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কালো প্লাস্টিকের ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব পুলিশকে জানিয়েছেন, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশে নিয়ে এসেছিলেন বলে ডিবির দাবি।
ডিবির ওসি মোহাম্মদ আলমগীর বলেন, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




