উপজেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৯ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় আরও এক আসামি।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল WINCEREX ও ২০ বোতল ESKUF কফ সিরাপ উদ্ধার করে। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ৯৯ বোতল।
গ্রেফতার ফয়সাল আহম্মেদ ইমন পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, শার্শা থানা এলাকায় মাদক কারবার ও মাদক কারবারিদের কোনো জায়গা হবে না। মাদকের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আসতেই হবে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি