জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
জমি দখল, বসত বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে জাতীয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশনপাড়া মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলি নামে একজন শনিবার (১৪ নভেম্বর) সকালে এই মামলাটি করেন।
মামলায় এমপি নুসরাতের বাবা আব্দুল হালিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এক ব্যাক্তি আব্দুল হালিমের নামে মামলা করেছেন। সেটি তদন্ত করার জন্য একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী ইদ্রিস আলী তার এজাহারে উল্লেখ করেন, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন তিনি। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। কিন্তু এর কিছু দিন পর থেকে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আব্দুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।
এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
ইদ্রিস আলী আরও উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মামলা করেন আব্দুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাঁটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আব্দুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে আরও বলা হয়, ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার করেছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।
মামলায় আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তার অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্ট পর থেকে সে পলাতক বলে জানি।
আবদুল হালিম আরও বলেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে এখনো তেমন কিছুই জানি না।
১২ নভেম্বর নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এ ঘটনায় সারাদেশে আলোচনার সৃষ্টি হয়।
নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে তার বাড়িতে পেট্রোলবোমা মেরে আগুন ধরানো হয়। এই ঘটনা তিনদিন পরে এই মামলার ঘটনায় আবারো নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
প্রতিনিধি/এলএ