বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

শেয়ার করুন:

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগল মারা গেছে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে নেত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। সেগুলো উদ্ধার করা সম্ভব হলেও আগুনে আসবাবপত্র পুড়ে যায় এবং একটি ছাগল মারা যায়।

নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে দেখি, ১০টি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি।

স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) ওই বাড়িতে আগে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। পুরনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হয়। 
 
এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখার প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর