Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুর সীমান্তে নজরদারিতে যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে শেরপুর সীমান্তে আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বিশেষ মহড়া পরিচালনা করেছে বাহিনীটি। 

সীমান্তের টহল ও নজরদারি কার্যক্রম আরও গতিশীল করতে ক্যাম্পে সংযুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা। একই সঙ্গে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির দায়িত্বাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল ও হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের পাচার, অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। এ উদ্যোগের আওতায় ড্রোন, অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও এআই ক্যামেরা কাজে লাগিয়ে সীমান্তের বিভিন্ন এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সীমান্ত পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে বিজিবি।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ কর্মকাণ্ড দমন ও অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি সব সময় সজাগ রয়েছে। বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল নিশ্চিত করা এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। 

Serpur_BGB2

ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সম্মিলিত ব্যবহারে সীমান্ত সুরক্ষা ও ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সীমান্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালু হওয়ায় নিরাপত্তাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের আশা, নতুন এ উদ্যোগের ফলে সীমান্তকেন্দ্রিক অপরাধ কমে আসার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের নিরাপত্তাও আগের চেয়ে বেশি সুরক্ষিত হবে।

প্রতিনিধি/এসআই