Dhaka Mail Logo

সারাদেশ

বাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজি চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাড়ির পতিত আঙ্গিনায় বিষমুক্ত ও পুষ্টিকর সবজি চাষে দারুণ সাফল্য পেয়েছেন কৃষকরা। এতে একদিকে যেমন পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা মিটছে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তারা।

​খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়া পাড়া, মাঝি পাড়া, পুরানাপৈল, পৌর শহরের শাপলা নগর, বুলু পাড়া ও বিশ্বাস পাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গায় ও উঠানে এই সবজি চাষ করা হচ্ছে। এসব বাগানে বাঁধাকপি, ফুলকপি, হলুদ, বেগুন, বিটরুট, লাল শাক, পালং শাক, টমেটো, গাজর, ধনিয়া পাতা, ডাটা, পেঁয়াজ, কলমি শাক, নাফা শাক, রসুন, মুলা, স্কোয়াশ, সিম, মটরশুঁটি ও লাউয়ের মতো নানা ধরনের শীতকালীন সবজি চাষ করা হয়েছে। ক্ষতিকর কীটনাশক ছাড়াই সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে উৎপাদিত এসব সবজির বাম্পার ফলন হয়েছে।

​পৌর শহরের সবুজ নগর এলাকার মোস্তাকিম হোসেন বলেন, নিজের হাতে সবজি চাষ করার আলাদা একটা ভালো লাগার বিষয় আছে। বাড়ির সামনের জায়গা ফেলে না রেখে তাই সবজি চাষ করেছি।

​জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়ার কৃষক নয়ন হোসেন জানান, বাড়ির সামনের আঙ্গিনা পতিত পড়ে ছিল। সেখানে সবজি চাষ করায় দারুণ ফলন পাওয়া গেছে। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এখন বাড়তি আয়ও হচ্ছে।

IMG_20261113_105158

মাঝি পাড়া এলাকার নাঈম হাসান বলেন, বাড়ির সামনের আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারেও বিক্রি করছি।

​জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজু আলম সরকার বলেন, বাড়ির উঠানে সবজি চাষ এটা মূলত শখের একটি বিষয়। বাড়ির আশপাশের এমন পতিত জমিগুলো সঠিকভাবে কাজে লাগালে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন তিনি।

প্রতিনিধি/টিবি