Dhaka Mail Logo

সারাদেশ

৭ ঘণ্টা বন্ধের পর সচল ফেরি, যান পারাপার শুরু

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

ফেরির মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ থাকা ফেরি চলাচল সাত ঘণ্টা পর আবার চালু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের শর্তসাপেক্ষ আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের দুই প্রান্তে আটকে থাকা দুই শতাধিক যানবাহন পারাপার শুরু হয়।

শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নরসিংহপুর ও চাঁদপুরের অপর প্রান্তের ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে যানবাহন। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বিআইডব্লিউটিসির ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মবিরতি শুরু করেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়।

বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বিমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। সেই আশ্বাসে আজকের কর্মবিরতি প্রত্যাহার করেছি। তা না হলে আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করব।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।

প্রতিনিধি/টিবি