ফেরির সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে মাদরাসাছাত্র নিহতের ঘটনায় ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তের ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ২০০ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই তরিকুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনও রয়েছেন।
ফেরির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দুর্ঘটনার জন্য বালুবাহী বাল্কহেড দায়ী হলেও অন্যায়ভাবে তাদের মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে তারা এই কর্মবিরতি শুরু করেছেন। মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও জানিয়েছেন তারা। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি চালানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। নৌ পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরও তাদের একজন মাস্টারকে আটক করা হয়েছে। যে শিক্ষার্থী মারা গেছে, তার পরিবারও কোনো অভিযোগ করেনি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, দুর্ঘটনার জন্য বাল্কহেড দায়ী। মাস্টারকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ট্রাকচালক সাগর বলেন, দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হবে।
বাসচালক জলিল জানান, যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ঘাটে এসে ফেরি বন্ধের বিষয়টি জানতে পারেন। এতে যাত্রী ও চালক সবাই বিপাকে পড়েছেন। আগে জানতে পারলে এই রুটে আসতেন না বলেও জানান তিনি। তার দাবি, দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হোক।
যাত্রী ছলেমান বলেন, দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যাওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। দ্রুত ফেরি চালুর দাবি জানান তিনি।
এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে। দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকদের দায় রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে কর্মবিরতির বিষয়ে নৌ পুলিশের কিছু বলার নেই।
প্রতিনিধি/টিবি




