জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক লাইভে মাহদী হাসান দাবি করেন, প্রথমে তার বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বিদ্যুতের মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোঁড়া হয়। এতে বাসার বিদ্যুতের মিটার পুড়ে যায়। লাইভে তাকে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। এ সময় পুড়ে যাওয়া বিদ্যুতের মিটারের দৃশ্যও দেখান তিনি।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা, নাকি বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সদর মডেল থানা পুলিশ।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, এটি তার চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরের মধ্যে বিদ্যুতের মিটার থেকে বিভিন্ন অটোরিকশা চার্জ দেওয়া হয়। অতিরিক্ত লোডের কারণে মিটার পুড়ে গিয়ে থাকতে পারে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রতিনিধি/টিবি