জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ এএম
নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজ সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়। মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রয়েছেন।
নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতাকে গ্রেফতারের কথা জানিয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন।
কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানান, তার থানা এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন।
অন্যদিকে, বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম।
প্রতিনিধি/টিবি