Dhaka Mail Logo

সারাদেশ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: অমিত

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানিয়েছেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের জুনে চালু করা হবে। এরপর সেখানে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছরের জুনে এটি চালু করা হবে। করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা পেতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

যশোরে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যশোরে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সার বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

‘এক্ষেত্রে কোনো সার ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। একইভাবে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখাও বন্ধ হবে না- সরকার সেটি নিশ্চিত করতে চায়।’

সরকারি ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী অমিত বলেন, ‘অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হয়েছে। এখন থেকে কোনো ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না কিংবা কারও কাছে ধরনা দিতে হবে না। ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন, তাকেও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। তিনি নিজেও জনগণের কাছে জবাবদিহি করবেন, একইভাবে সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এএম