Dhaka Mail Logo

সারাদেশ

বান্দরবানের করুনাপুরে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

বান্দরবান জেলা শহরের করুণাপুর বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বয়ন এবং চীবর প্রস্তুতের ঐতিহ্যবাহী কার্যক্রম শুরু হয়। প্রস্তুত করা চীবর আজ বিকেলে অনুষ্ঠানের সংঘপ্রধান ভদন্ত জিনবোধি মহাস্থবিরের কাছে দান করা হয়। এ সময় প্রাজ্ঞ ভিক্ষুসংঘের উদ্দেশে চীবরসহ বিভিন্ন দানীয় বস্তু উৎসর্গ করেন পুণ্যার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় বৌদ্ধ ভিক্ষুরা দেশনা প্রদানকালে বলেন, জীবনের লোভ, দ্বেষ ও মোহ পরিত্যাগ করে দান, শীল ও ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যেকের নির্বাণ লাভের সাধনায় ব্রতী হওয়া উচিত। সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ এবং বুদ্ধের নির্দেশিত পথে সুখী ও কল্যাণময় জীবনযাপনের আহ্বান জানান তারা। এ সময় পৃথিবীসহ বুদ্ধের নির্দেশিত ৩১ লোকভূমির সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সূত্রপাঠ ও ধর্মদেশনা করা হয়।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহাপুণ্যময় দানানুষ্ঠানে অংশ নেন।

পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের বৌদ্ধধর্মের নবজাগরণের অগ্রদূত পরম পূজ্য অর্হৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) জীবিত থাকাকালে ১৯৭৪ সালে রাঙামাটির রাজবন বিহারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনে চীবর তৈরির বিশেষ আয়োজন প্রথম শুরু করেন। পরবর্তী সময়ে তার প্রবর্তিত এ ঐতিহ্য পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বৌদ্ধবিহারে ছড়িয়ে পড়ে।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

Bandarban2

এবারের অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান এবং বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণের জন্য অর্থদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত জিনবোধি মহাস্থবির, সুমন মহাস্থবির, ধর্মদীপ্তি মহাস্থবির, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের পরিচালক ক্ষিতিন্দ্রিয় মহাথের, প্রিয় জগৎ স্থবিরসহ রাজবন বিহার ও বিভিন্ন বৌদ্ধবিহার থেকে আগত প্রাজ্ঞ ভিক্ষুসংঘ এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন করুনাপুর বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।

প্রতিনিধি/এসআই