গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সাদুল্লাপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার এজাহারে আসামিদের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদ-পদবি উল্লেখ করা হয়েছে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতিও রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি করেন। মামলার নম্বর ১৫।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা এলাকার জোড়া সেতুর কাছে আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে মিছিল করেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা, লোহার রড, কুড়াল, শাবল, ধারালো ছুরি, ককটেল ও পেট্রোল ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ককটেল ও পেট্রোলবোমার বিস্ফোরণ এবং পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নিজ নিজ বাড়ি থেকে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম ও জামালপুর এলাকার যুবলীগ নেতা লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন কামারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুরঞ্জিত চন্দ্র ওরফে ভুটান, কিশামত শেরপুর গ্রামের মিজানুর রহমান, শ্রীকলা উত্তরপাড়ার জাহাঙ্গীর আলম এবং হিংগারপাড়ার মো. লিটন মিয়া।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব জানান, গ্রেফতার ছয়জনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




