Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজারে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।

ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।

পুলিশ সদস্যের স্বামী বলেন, ‘মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন তার স্ত্রী। তখন তিনি পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার মুখ চেপে ধরেন।

মৌলভীবাজার জুড়ীতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টার সিসিটিভি ফুটেজ।
মৌলভীবাজার জুড়ীতে ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টার সিসিটিভি ফুটেজ।

‘এরপর তাকে জোর করে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। তার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।’

এই পুলিশ কনস্টেবল আরও বলেন, দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেবেন তারা।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলটি অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পিছু নেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

প্রতিনিধি/এএম