বনের গভীরেই সাধারণত থাকার কথা বন্যপ্রাণীদের। গাছের ডালে, ঝোপঝাড়ে কিংবা নির্জন অরণ্যে কাটার কথা তাদের জীবন। অথচ সেই চেনা আশ্রয় ছেড়ে কখনো বাড়ির উঠানে, কখনো আবাসিক এলাকায়, আবার কখনো ধানক্ষেতে কিংবা হাওরের পাশে দেখা মিলছে বন্যপ্রাণীর। খাবার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে তারা। বনের বাসিন্দাদের এমন আগমনে কোথাও ছড়াচ্ছে আতঙ্ক, আবার কোথাও মানুষের মমতা ও সহমর্মিতায় বেঁচে যাচ্ছে প্রাণগুলো।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত অক্টোবর মাসে ১৫টিসহ চলতি বছরের ১০ মাসে লোকালয় থেকে ১১৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং খাদ্যের উৎস কমে যাওয়ায় বন্যপ্রাণীরা ক্রমেই লোকালয়ের দিকে চলে আসছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অক্টোবর মাসে উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে অজগর, বিষধর পদ্মা গোখরা, শঙ্খিনী, দাঁড়াশ, ফণিমনসা, বেত আঁচড়া ও মুখপোড়া হনুমান ছিল। শ্রীমঙ্গলের বিভিন্ন বসতবাড়ি, চা-বাগান ও সড়কসংলগ্ন এলাকা থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। এ ছাড়া সেপ্টেম্বরে ২২টি এবং আগস্টে ২০টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর সংখ্যা ১১৫টি।
উদ্ধারের এই পরিসংখ্যান কেবল প্রাণী উদ্ধারের হিসাব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে আসার বাস্তবতা। একসময় শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বনাঞ্চল ছিল নানা প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়। কিন্তু বনভূমি সংকুচিত হওয়া, মানুষের অনুপ্রবেশ, বসতি ও রিসোর্ট নির্মাণ এবং কৃষিজমির বিস্তারের কারণে কমছে প্রাণীদের স্বাভাবিক বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস। ফলে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসছে তারা।

স্থানীয় বাসিন্দা রফি উদ্দিন বলেন, আগে আশপাশের বনাঞ্চলে প্রচুর গাছপালা ও ঝোপঝাড় ছিল। এখন বিভিন্ন স্থানে বসতি, স্থাপনা ও রিসোর্ট গড়ে ওঠায় বনাঞ্চলের আগের পরিবেশ অনেকটাই বদলে গেছে। বনের ভেতরে মানুষের চলাচলও বেড়েছে। এতে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও খাবার সংগ্রহের জায়গা কমে যাচ্ছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং বলেন, আগে লোকালয়ে বন্যপ্রাণী দেখা যাওয়ার ঘটনা তুলনামূলক কম ছিল। এখন প্রায়ই বাড়ির আশপাশে, চা-বাগান কিংবা কৃষিজমিতে সাপ, হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। এতে মানুষ যেমন আতঙ্কিত হন, তেমনি প্রাণীগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। বনাঞ্চল ও বন্যপ্রাণীর খাদ্যের উৎস রক্ষা করা না গেলে ভবিষ্যতে লোকালয়ে এ ধরনের প্রাণীর আনাগোনা আরও বাড়তে পারে।
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বনাঞ্চল ও বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল সংকুচিত হওয়ার প্রভাব এখন লোকালয়ে দেখা যাচ্ছে। খাবার ও আশ্রয়ের সন্ধানে বন্যপ্রাণী মানুষের বসতিতে চলে এলে অনেকেই আতঙ্কিত হয়ে সেগুলোকে আঘাত করেন বা মেরে ফেলেন। অথচ বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রাণীর প্রতি সহনশীল হতে হবে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে সেটিকে বিরক্ত বা আঘাত না করে দ্রুত বন বিভাগ কিংবা উদ্ধারকারী দলকে খবর দেওয়া উচিত।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, মানুষের দখল ও অবহেলায় প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণেই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে। বন ও পরিবেশ রক্ষা করা না গেলে একসময় এসব প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, লোকালয়ে বন্যপ্রাণী চলে আসার খবর পেলেই তারা উদ্ধারের চেষ্টা করেন। বিভিন্ন সময় মানুষের বাড়িঘর, দোকানপাট, চা-বাগান ও হাইল হাওর এলাকা থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অনেক প্রাণীই আহত, অসুস্থ কিংবা দীর্ঘ সময় খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়ে। সেগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলার পর বন বিভাগের সহযোগিতায় উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা বন্যপ্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাণীর শারীরিক অবস্থা ও উপযুক্ত পরিবেশ বিবেচনা করে পরবর্তী সময়ে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিনিধি/এসআই




