উপজেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। তবে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। সেই হাওয়ার সঙ্গে গ্রামবাংলার ঘরে ঘরে জানান দিচ্ছে খেজুরের রস ও গুড়ের মৌসুম আসছে। যশোরের শীত মানেই খেজুরের রস, রস থেকে তৈরি পাটালি গুড় আর নানা ধরনের পিঠাপুলির উৎসব। এই ঐতিহ্য ধরে রাখতে শীত আসার আগেই ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের আব্দুল ওহাব তাদেরই একজন। বয়স ৬৫ বছর। জীবনের প্রায় ৪৫টি বছর কাটিয়েছেন খেজুরগাছের সঙ্গে। শীত এলেই দা, দড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে। খেজুরগাছের মাথা পরিষ্কার করা, বাকল ছেঁটে রস নামানোর উপযোগী করা এবং নলি বসানোর প্রস্তুতি—সবই তার নিত্যদিনের কাজ।
আব্দুল ওহাব বলেন, ‘আমার বয়স যখন ২০ বছর, তখন থেকেই শীত এলে খেজুরগাছ ঝোড়ার কাজ শুরু করি। এখন বয়স ৬৫ বছর। প্রায় ৪৫ বছর ধরে এই কাজ করছি। এই কাজ করেই আমার সংসার চলে।’
কথার ফাঁকে অতীতের দিনগুলোর কথা মনে করেন তিনি। একসময় একটি খেজুরগাছ ঝোড়ার জন্য পারিশ্রমিক পেতেন মাত্র এক টাকা। সময়ের সঙ্গে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তাই এখন একটি গাছ ঝোড়ার জন্য নিতে হয় ১২০ টাকা।

ওহাবের ভাষায়, ‘আগে এক টাকা করে গাছ ঝুড়তাম। এখন একটি গাছের জন্য ১২০ টাকা নিই। জিনিসপত্রের দাম বেড়েছে, সংসার চালাতেও খরচ বেশি লাগে। তাই পারিশ্রমিকও বেড়েছে।’
খেজুরের রস পেতে গাছ প্রস্তুত করার কাজটিও বেশ পরিশ্রমের। প্রথমে গাছের মাথার চারপাশ পরিষ্কার করতে হয়। এরপর নির্দিষ্ট জায়গায় কেটে কাঠি বা নলি বসানোর উপযোগী করা হয়। সবশেষে হাঁড়ি বা ভাড় ঝুলিয়ে দেওয়া হয়। রাতভর গাছ থেকে চুইয়ে পড়া রস জমে সেই হাঁড়িতে। ভোরের আলো ফোটার আগেই গাছিরা সংগ্রহ করেন সুমিষ্ট সেই রস।
এই রস শুধু একটি পানীয় নয়; গ্রামবাংলার শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। খেজুরের রস দিয়ে তৈরি হয় পায়েস, পিঠা, ক্ষীরসহ নানা ধরনের খাবার। বিশেষ করে গ্রামের নারীদের হাতে তৈরি নকশি পিঠা ও শীতের নানা পিঠাপুলিতে খেজুরের রস এনে দেয় আলাদা স্বাদ ও ঘ্রাণ।
রস সংগ্রহের পর শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা। আব্দুল ওহাব জানান, প্রতি ভাড় রস ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। আবার অনেকেই সেই রস জ্বাল দিয়ে তৈরি করেন ঝোলা গুড় ও পাটালি গুড়। এসব গুড় যশোরের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা অঞ্চলে সরবরাহ করা হয়। এর মধ্য দিয়ে গাছি ও গুড় প্রস্তুতকারীদের জীবিকার সুযোগ তৈরি হয়।
তবে বয়সের ভারে আগের মতো আর কাজ করতে পারেন না ওহাব। স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আগে প্রতিদিন ৪০টি পর্যন্ত গাছ ঝুড়তে পারতাম। এখন বয়স হয়েছে। তারপরও ৬৫ বছর বয়সে প্রতিদিন ১৫ থেকে ২০টি গাছ পরিষ্কার করে ঝুড়ে দিতে পারি। যতদিন শরীরে শক্তি থাকবে, ততদিন এই কাজ করে যাব।’
একটু থেমে তিনি জানান, খেজুরের রস ও গুড়ের এই ঐতিহ্য ঘিরে আরও বড় সম্ভাবনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ এবং সহজ শর্তে আর্থিক সহায়তা পেলে গাছিরা আরও ভালোভাবে কাজ করতে পারবেন। খেজুরের গুড়ের উৎপাদন ও বিপণন বাড়লে সমৃদ্ধ হবে গ্রামীণ অর্থনীতিও।
আব্দুল ওহাবের মতো অভিজ্ঞ গাছিরা শুধু নিজের জীবিকা নির্বাহ করছেন না, তারা ধরে রেখেছেন যশোরের বহু বছরের ঐতিহ্য। তাদের হাত ধরেই শীতের সকালে গ্রামের ঘরে ঘরে পৌঁছে যায় খেজুরের রস। সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় সুস্বাদু গুড় ও পাটালি, যার স্বাদ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে।
শীতের সকালে খেজুরের রসের হাঁড়ি নামানোর দৃশ্য হয়ত অনেকের কাছে সাধারণ। কিন্তু এক হাঁড়ি রসের পেছনে থাকে একজন গাছির রাতভর পরিশ্রম, অভিজ্ঞতা আর জীবনের গল্প। গয়ড়া গ্রামের আব্দুল ওহাব সেই গল্পেরই একজন নীরব কারিগর। বয়স বাড়লেও খেজুরগাছের সঙ্গে তার সম্পর্কের যেন কোনো অবসান নেই। তার মতো গাছিদের হাত ধরেই বেঁচে থাকুক যশোরের খেজুরের রস ও পাটালি গুড়ের ঐতিহ্য।
প্রতিনিধি/এসএস