০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরনো একটি সরকারি গ্রামীণ রাস্তা দখলচেষ্টার অভিযোগ উঠেছে সেলিম রেজা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আদালতের রায় ও সরকারি টাকায় সংস্কার থাকার পরও তার ভয়ে রাস্তা দিয়ে স্থানীয়দের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।
জানা যায়, উপজেলার লাউহাটী ইউনিয়নের বর্ণি গ্রামের এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই কৃষিপণ্য আনা-নেওয়া করা হয়, যেতে হয় কবরস্থানেও। রাস্তাটি বন্ধ হলে দুর্ভোগে পড়বেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ২০২৩ সালে উপজেলা পরিষদের তহবিল থেকে মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাস্তার পাশের জমি কেনেন সেলিম রেজা। এরপর থেকেই তিনি রাস্তাটি নিজের দাবি করে কেটে ফেলার চেষ্টা করেন। ২০২৬ সালে টিআর ও কাবিখা প্রকল্পে আবার মাটি ফেলা হলে তিনি রাস্তার মাঝখানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাছগুলো ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
এর আগে, রাস্তা বন্ধ করতে মামলা হলেও আদালত তা খারিজ করে দেন। আদালতের রায়ে বলা হয়, ২০ বছরের বেশি সময় ধরে জনগণ চলাচল করায় রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট তৈরি হয়েছে।
রাস্তাটি দিয়ে নিয়মিত চলাচলকারী কয়েকজন জানান, এই রাস্তাটি কয়েক দশকের রাস্তা। সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হয়েছে। মামলাসংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালত রাস্তাটির পক্ষে রায় দিয়েছেন। হঠাৎ সেলিম নামে এক ব্যক্তি রাস্তাটি নিজের দাবি করে রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর মাধ্যমে সাধারণ মানুষণের যাতায়াতে চরম জনদুর্ভোগে ফেলছেন। এ ছাড়া তিনি অর্থের প্রভাব দেখিয়ে নানা হুমকি দিচ্ছেন এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এখন আমরা রাস্তাটিকে টিকিয়ে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা অমূল্য দাস রাস্তাটি জনস্বার্থে দানপত্র করেছেন বলে দাবি করেছেন। সরকারি আইডি বসার পর ২০২৩ ও ২০২৬ সালে সরকারিভাবে মাটি ভরাটের কাজও করেছেন বলে জানান তিনি।
সেলিম রেজা দাবি করেন, তিনি ১৬০ শতাংশ জমি কিনেছেন। জমির পাশের রাস্তাটি সরকারি রাস্তা নয়। তাই একক ব্যক্তি স্বার্থের জন্য জমির ওপর দিয়ে রাস্তা দিতে চান না। এ ছাড়া সে জমিতে কাজ করতে গেলে নানা হুমকি-ধামকির শিকার হচ্ছেন বলে দাবি করছেন। তাছাড়া তিনি রাস্তা-ঘাটের উন্নয়নের পক্ষে। তাই সরকার যদি ওই অংশটুকু ভূমি অধিগ্রহণ করে এতে তার কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে সুষ্ঠু সমাধান চাচ্ছেন তিনি।
উপজেলা (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী রুহুল আমীন বলেন, ২০২৫ সালে এলজিইডির গেজেটের জন্য প্রস্তাবনা করা হয়েছিলভ বর্তমানে কোন অবস্থায় আছে, তা বলতে পারছেন না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বলেন, চলতি বছরে এই রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে। তখন কেউ বাঁধা দেয়নি। বর্তমানে এক ব্যক্তি রাস্তাটি তার দাবি করছেন। তবে লিখিত পেলে সার্ভে করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট হিসেবে বিজ্ঞ আদালত থেকে রায় আছে। পাবলিক ইজমেন্টের জায়গা একক ব্যক্তিগতভাবে ব্যবহার বা বন্ধ করা সমীচীন নয়। বিজ্ঞ আদালত পরবর্তীতে কোনো নির্দেশনা দিলে আইন বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।