বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং দাবি করা টাকা না পেয়ে তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে ওই দিন ঠিকাদার রুস্তম হাওলাদার বিমানবন্দর থানায় চাঁদাবাজির মামলা করেন।
গ্রেফতাররা হলেন- বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, বিএনপি নেতা সাকিব হাওলাদার ও মুবিন মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের কাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে মাহবুব মোল্লাসহ অন্যরা তার পথরোধ করেন। এ সময় তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে যান অভিযুক্তরা।
ঠিকাদার রুস্তম আলীর অভিযোগ, মাহবুব মোল্লা লোকজন নিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে মারধর করিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।
তবে গ্রেফতারের আগে মাহবুব মোল্লা দাবি করেন, রুস্তমের কাছে তার টাকা পাওনা রয়েছে। ওই সড়কের নির্মাণকাজেও তিনি অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন বলে জানান তিনি।
তবে পাওনা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।
বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন বলেন, তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




